ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও এক দফাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যানের নাম জেসমিন নাহার ও দফাদারের নাম মো. আকবর।
স্থানীয় বাসিন্দা, প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৪ হাজার ৮৪ জন উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য ৪০ হাজার ৮৩০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। মেদুয়ারী ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার ভালুকা খাদ্যগুদাম থেকে তিন দিনে ভিজিএফের সব চাল তুলে নেন। ইউপি কার্যালয়ে দুই দিন বিতরণের পর শেষ দিনে (গতকাল বুধবার) চাল কম পড়ে। বিষয়টি জানতে পেরে ভিজিএফের কার্ডধারীরা চাল না পেয়ে আন্দোলন শুরু করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, পিআইওর করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আকবর ও জেসমিন নাহারকে আদালতে পাঠানো হয়। সেখানে আকবর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর জেসমিন নাহারের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজ ডেস্ক 










